রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১:৫৯ এএম

রাজধানীর রামপুরা ও গুলশানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাদমান সাকিব (৩১) ও আব্দুল লতিফ (৪৮)।

সোমবার ভোরের দিকে এই দুর্ঘটনা দুটি ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টায় সাকিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে মারা যায় আব্দুল লতিফ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান সাদমানকে ধাক্কা দেয়। পরে ওই কাভার্ডভ্যান চালকই মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কাভার্ড ভ্যান চালক সজিবকে আটক করা হয়েছে এবং ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সাদমানের বাড়ি বগুড়া সদর উপজেলায়। বাবার নাম জহুরুল হক। খিলক্ষেত লেক সিটিতে থাকতেন তিনি। আফতাব নগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভোরে অফিস থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

এদিকে নিহত আব্দুল লতিফের বোন জামাই মানিক মিয়া জানান, তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। তার বাবার নাম মফিজ উদ্দিন। স্ত্রী-সন্তান নিয়ে গুলশান নদ্দা এলাকায় থাকতেন। কাঁচামাল ব্যবসা করতেন তিনি।

তিনি বলেন, আব্দুল লতিফ ভোরবেলায় কারওয়ান বাজার থেকে কাঁচামাল কিনে পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন নদ্দাতে। পথে গুলশান-২ এর ৯২ নম্বর রোডের মাথায় দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছি। আহত অবস্থায় তাকে পথচারীরা প্রথমে এ্যাপলো হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্তারিত জানার জন্য থানা-পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত