রোজা শুরুর আগে থেকেই দেশে চাল, ডাল, চিনিসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে খুচরা পর্যায়ে মূল্য তালিকা প্রদর্শন এবং প্রতিটি ধাপে পাকা রশিদ সংরক্ষণ নিশ্চিত করাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ১৬ দফা সুপারিশ করেছে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স। বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, টাস্কফোর্সের সুপারিশের মধ্যে রয়েছে- সমুদ্র ও স্থলবন্দর কর্র্তৃপক্ষ এবং শুল্ক স্টেশনসমূহ রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি কর্র্তৃক সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা।
এছাড়া ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ জেলা ও উপজেলা প্রশাসন কর্র্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদকারীর বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করা, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্র্তৃক অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা, পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর সুপারিশ করে টাস্কফোর্স কমিটি।
