আমার বাসার পানিতেও গন্ধ পাই: ওয়াসা এমডি

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৫:৪৮ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, ‘আমার নিজের বাসার পানিতেও গন্ধ পাই। এর কারণ আমাদের ৫ থেকে ১০ শতাংশ জায়গার মধ্যে পাইপ ফাটা থাকে। এসব জায়গা থেকে ময়লা পানি লাইনে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, তবে যখনই এ ধরনের অভিযোগ পাই সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করে দিই। তারপরও কিছু জায়গায় সমস্যা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংলাপে এসব কথা বলেন তিনি। ‘নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)।

তিনি বলেন, ‘নয়াপল্টনে আমার নিজের বাসার পানিতেও কিছুটা গন্ধ পাচ্ছি। তাই গ্যারান্টি দিচ্ছি না; আপনারা পানি ফুটিয়ে পান করবেন।’

তাকসিম এ খান বলেন, ‘বর্তমানে শহরে যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে সেখানে ওয়াসার কোনো দায় নেই। কারণ আইসিডিডিআর আমারে ৯টা জায়গার তালিকা দিয়েছেন যেখানে এ ধরনের রোগী বেশি। আমরা গিয়ে এসব এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করিয়েছি। এসব এলাকার পানিতে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তারপরও সাবধানতা হিসেবে সে জায়গাগুলোতে আমরা ক্লোরিন বাড়িয়ে দিয়েছি।’

তিনি বলেন, ঢাকায় ক্রমাগত মানুষ বেড়ে যাওয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পানি সরবরাহ করা। রাজধানীতে কাগজে কলমে মানুষের সংখ্যা ১ কোটি ৭০ লাখ। আমরা ২ কোটি মানুষের কথা মাথায় রেখে সেবা দিই। কিন্তু বাস্তবে ভাসমান লোকজন নিয়ে তা অনেক বেশি হবে।

সংলাপে সভাপতিত্ব করেন ডুরার সভাপতি মা. রুহুল আমিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ শফিক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত