তিন বছরের শ্যালককে অপহরণ করে হত্যার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। নিহত রেহান ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল খুরিড়াবাড়ির ওমর বাবুর্চির ছেলে। আটক মীর আবু বকর ফরিদ (২০) একই এলাকার জঙ্গলবাড়ী গ্রামের মীর সাইফুল ইসলামের ছেলে। এদিকে গত সোমবার রাতে মুন্সীগঞ্জ সদরে আলু পাহারা দেওয়ার সময় মিজান হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, গতকাল দুপুর ১টার দিকে অসুস্থ রেহানকে যশোর জেনারেল হাসপাতালে ছেলে পরিচয়ে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। রেহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত দেখে হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, শ্বশুরালয়ে টাকা নিয়ে কোন্দলে সোমবার শিশু শ্যালককে অপহরণ করে ফরিদ। এ ঘটনায় তার শ্বশুর ওমর বাবুর্চি ওইদিনই যাত্রাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন।
এদিকে মুন্সীগঞ্জ সদরে মিজান হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় আবদুর রহমান নামে অপর একজন আহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের সোমার ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান স্থানীয় আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোমার ঢালীকান্দি এলাকায় জমি থেকে উত্তোলিত আলু পাহারা দিচ্ছিলেন মিজান ও আবদুর রহমান। রাত ২টার দিকে সেখানে হামলা চালায় প্রতিপক্ষ মিজিকান্দি গ্রামের মেহেদি ওরফে সুপার মিজিসহ চার-পাঁচজন। হামলায় মিজানকে কুপিয়ে জখম ও আবদুর রহমানকে পিটিয়ে আহত করা হয়। আবদুর রহমান দৌড়ে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মিজানের।
