গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
নিহতের নাম আকাশ মণ্ডল (১৮); তিনি চিংগড়ী গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ নামের ওই কিশোর তার বাবার কাছে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তার বাবা ধান ওঠার পরে মোবাইল কিনে দিতে চায়। কিন্তু সে অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে বরই গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে ঠাকুর কবিরাজ নামের এক ব্যক্তি বাড়িতে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ফাঁস খুলে নিচে নামালে মৃত অবস্থায় দেখতে পায়।
তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
