দীর্ঘ প্রতীক্ষার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য চালু হলো টুরিস্ট বা ভ্রমণ ভিসা।
গত মঙ্গলবার থেকে ভারতে যাতায়াত শুরু করেছে টুরিস্ট ভিসাধারী পাসপোর্ট যাত্রীরা।
বেনাপোল ইমিগ্রেশনের হিসাব মতে, গত দুই দিনে ভারতে গেছেন একশো ২০ জন যাত্রী। পুরোনো টুরিস্ট ভিসা নিয়ে কোনো পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারছেন না। শুধু ২৬ মার্চের পর ভারতীয় দূতাবাস থেকে পাওয়া টুরিস্ট ভিসাধারীরা ভারতে যাবার সুবিধা ভোগ করতে পারবেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, গত দুই দিনে নতুন ভিসা নিয়ে ভারতে যাবার জন্য বেনাপোলে এসেছেন শতাধিক যাত্রী। ২৬ মার্চের পরে পাওয়া টুরিস্ট বা ভ্রমণ ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে পারবেন ভারতে। করোনার সময়ে আগে ইস্যুকৃত টুরিস্ট ভিসা স্থগিত থাকায় সেসব ভিসাধারী পাসপোর্ট যাত্রীরা ভারতে যেতে পারবেন না।
নড়াইলের আলী হোসেন জানান, অনেক দিনে পরে বাই রোডে ভারত যাচ্ছি খুবই ভালো লাগছে। তবে বাই এয়ারে ভিসা দিলে আমাদের মত গরিব মানুষদের ভারত ভ্রমণ করা সম্ভব নয়।
সে ক্ষেত্রে ভিসার শর্তানুযায়ী হরিদাসপুর রুট লেখা থাকতে হবে। বাই এয়ার ভিসাধারী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যেতে পারবেন না।
