ময়মনসিংহ বাগেরহাটে দুজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০১:৪২ এএম

ময়মনসিংহ মহানগরীর চরপাড়ায় কুপিয়ে হত্যা করা হয়েছে ক্লিনিক মালিকের ছেলেকে। বাগেরহাটের রামপালে প্রতিপক্ষের কোপে হতাহত হয়েছেন সহোদর। নেত্রকোনার কলমাকান্দায় উদ্ধার করা হয়েছে তিন মাস বয়সী শিশুর মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর :

ময়মনসিংহ : মহানগরীর চরপাড়ায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে শরিফ নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১২টার দিকে এ হত্যাকান্ড ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শরিফের বাসার সামনেই অজ্ঞাত দুর্বৃত্তরা উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা গুরুতর অবস্থায় শরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শরিফ গৌরীপুর উপজেলার টাঙ্গগুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। শহীদ মিয়া চরপাড়ায় চৌধুরী ক্লিনিকের মালিক।

বাগেরহাট : রামপালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ওমর ফকির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঠেকাতে এসে তার বড় ভাই মিজান ফকির (৪৮) গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমরের মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় রামপালের উজলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফকির ওই গ্রামের আমির আলী ফকিরের ছেলে।

নেত্রকোনা : কলমাকান্দা উপজেলায় সোহা আক্তার নামে তিন মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শিশুটি নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জুলেখা-ছিদ্দিক দম্পতির সন্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত