বাগেরহাটের মোংলা

যুবলীগ নেতা হত্যায় মামলা গ্রেপ্তার ৫

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০১:৪৭ এএম

বাগেরহাটের মোংলার বকুলতলা এলাকায় যুবলীগ নেতা মোতাহার সরদারকে খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ হত্যা মামলা করেন নিহত যুবলীগ নেতার বড় ভাই কাদের সরদার। মামলার পর গতকাল সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ শেখ গং বকুলতলা এলাকার যুবলীগ নেতা মোতাহার সরদারদের চিংড়ি ঘের দখল নিতে হামলা চালায়। হামলাকারীরা মোতাহারসহ তার সঙ্গে থাকা আরও ছয়জনকে কুপিয়ে জখম করে। তাদের মধ্যে মোতাহার ওই রাতেই মারা যান। এ হত্যাকান্ডের দুদিন পর মোংলা থানায় মামলা হয়। মামলায় ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ শেখকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মোংলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘পাঁচ আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত