ওয়ারীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৮:০৯ পিএম

রাজধানীর ওয়ারীর তাহেরবাগে একটি বাসায় স্বপ্না (১৩) নামে এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই কিশোরীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে স্বপ্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চিকিৎসা দিয়ে আবার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার দেশ রূপান্তরকে জানান, ভুক্তভোগী কিশোরীর মা তাকে থানায় নিয়ে আসেন। গৃহকর্ত্রী তাকে নির্যাতন করেছেন বলে অভিযোগ করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে আবার থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভুক্তভোগী গৃহকর্মী স্বপ্না নিজেই অভিযোগ করে জানায়, বাসার কাজ দ্রুত করতে না পারায় গৃহকর্ত্রী আখি তাকে সব সময় মারধর করতেন। কাঠের মোটা লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতেন। এছাড়া বাসায় হাতের কাছে যা পেতেন তা দিয়েই তাকে মারধর করা হতো।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বপ্নার গ্রামের বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলায়। তার বাবা শাহআলী রিকশা চালক আর মা মাহফুজা বেগম গৃহিণী। তারা গ্রামে থাকেন। ১০ মাস আগে তার বাবা-মা কাজের জন্য তাকে বনগ্রামে আসমার বাসায় দিয়ে যান। পরে আসমা এক নারীর মাধ্যমে স্বপ্নাকে ১৩ নম্বর তাহেরবাগের মাসুম বিল্লাহ ও আখির বাসায় কাজে দেন। গত বৃহস্পতিবার গৃহকর্ত্রী আখি তার মাকে ফোন দিয়ে জানান, স্বপ্নার ডায়রিয়া হয়েছে। তাকে যেন নিয়ে যাওয়া হয়। এদিন বিকেলেই তার মা গ্রাম থেকে ঢাকায় এসে তাকে ওই বাসা থেকে নিয়ে আসমার বাসায় আসেন।

শুক্রবার সকালে তাকে গোসল করানোর সময় তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। তখন সে মায়ের কাছে নির্যাতনের সব ঘটনা খুলে বলে। এরপরই স্বপ্নাকে নিয়ে প্রথমে থানায় যান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত