৫ দিন ধরে এক পরিবার অবরুদ্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১:০৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় এক কৃষকের পোলট্রি খামার দখলে ব্যর্থ হয়ে তার পরিবারকে ৫ দিন ধরে প্রভাবশালী একটি মহলের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে সুরাহা না হওয়ায় অবরুদ্ধ দিন কাটাচ্ছে পরিবারটি। এ ঘটনায় ৬ এপ্রিল সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাব উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বটতলী ইউনিয়নের ওয়াপদারপাড়ায় একটি ওয়াকফ এস্টেটের জায়গা ভাড়া নিয়ে পোলট্রি খামার করে আসছেন স্থানীয় শাহাব উদ্দিন। ৪ এপ্রিল রাতে শাহাব উদ্দিন ওই খামারে মুরগির বাচ্চা রাখতে গেলে এলাকার মো. ইলিয়াছ, ফেরদৌসুর রহমান ও শাহজাহান ফার্মটি তাদের দাবি করে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে ইলিয়াছ ক্ষিপ্ত হয়ে শাহাব উদ্দিনের বসতঘরের উঠান ও চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে ঘিরে তার পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

ভুক্তভোগী শাহাব উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যরা প্রতিবেশী মো. ইলিয়াছের সীমানার মাঝ বরাবর রাস্তা দিয়ে যাওয়া-আসা করতেন। কিন্তু তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সীমানা বরাবর টিনের বেড়া দেয়। এ ছাড়া উঠানের সীমানা ধরেও বাঁশের বেড়া দিয়ে আটকানো হয়। এতে শাহাব উদ্দিনের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এর পর থেকে তার চাচার ঘরের ভেতর দিয়ে কোনো রকমে চলাচল করছেন।

অভিযুক্ত ইলিয়াছ ওয়াকফ এস্টেটের অংশীদার দাবি করে বলেন, ‘ওই জায়গা থেকে শাহাব উদ্দিনকে পোলট্রি খামার সরিয়ে নিতে বলায় আমাকে মারধর করেছে। তাই আমার জায়গা আমি ঘিরে রেখেছি। আর তারা তো বাইরেই ঘোরাফেরা করছে, অবরুদ্ধ তো নেই।’

বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, বাড়ির চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক হয়নি। এ ব্যাপারে দুপক্ষকে ডাকা হয়েছে, বিষয়টি ফয়সালার ব্যবস্থা করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ুন কবিরের মোবাইল ফোনে কল করা হলে তিনি বাইরে থাকার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত