বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
রবিবার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহরের মালগ্রাম এলাকার সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকবাদিয়া গ্রামের শোয়েব মাহমুদ (৪৫)।
দুপচাঁচিয়া থানা-পুলিশ জানায়, পলাশ নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসে কার্যসহকারী পদে চাকরি করেন। তার বন্ধু শোয়েব বগুড়া শহরের রানার প্লাজা নামক বহুতল ভবনের ইলেকট্রিশিয়ান। রবিবার সকালে তারা মোটরসাইকেলযোগে নওগাঁর পোরশায় যাচ্ছিলেন।
সকাল ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকায় থানা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শোয়েব মারা যান।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পলাশকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। দুই বন্ধুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
