রাজশাহীর মিষ্টির দোকানের কর্মচারী প্রকাশ সিং হত্যা মামলায় ৪ জনেকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার গতকাল রবিবার সকালে এই রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক এই তথ্য নিশ্চিত করেন।
দন্ডিত ব্যক্তিরা হলেন নওগাঁর নিয়ামতপুরের বাদল মন্ডল, নিহতের চাচা বিমল শিং, তার স্ত্রী অঞ্জলী রানী ও ছেলে সুবোধ শিং। চার আসামিকেই মৃত্যুদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, নিহত প্রকাশ শিং (২০) তানোর উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্মল শিংয়ের ছেলে। প্রকাশ রাজশাহী শহরের নবরূপ মিষ্টান্ন ভান্ডারে পরিবেশনকারী হিসেবে কাজ করতেন। করোনার কারণে তিনি তার গ্রামের বাড়ি তানোরে চলে যান। ২০২১ সালের ২৮ এপ্রিল বিকেলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির পাশের মাঠে তার মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় ওই দিনই প্রকাশের বাবা তানোর থানায় মামলা করেন। পুলিশি তদন্তে উঠে আসে নিহত প্রকাশ ও তার বাবা অঞ্জলী রানী ও বাদল মন্ডলের অবৈধ সম্পর্ক জেনে যাওয়া এবং এর প্রতিবাদ করায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। চারজনের নামে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন কথিত প্রেমিক বাদল মন্ডল, নিহত প্রকাশের চাচি অঞ্জলী রানী, চাচা বিমল শিং ও চাচাতো ভাই সুবোধ শিং। রায়ে সবারই মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। সব আসামি আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার পর আসামিদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।
