বরগুনার পাথরঘাটা ডকইয়ার্ডে মেরামতরত অবস্থায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি মাছ ধরার ট্রলার। এতে প্রায় দেড় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল কাদেরের ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে ইলিয়াস কোম্পানির একটি, সেলিম ফরাজীর একটি ও পনু রারির ২টি ট্রলার পুড়ে ছাই হয়ে গেছে।
এ ছাড়া এনামুল হোসাইন এর একটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথরঘাটা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ডকইয়ার্ডের মালিক মাওলানা আব্দুল কাদের বলেন, ডকইয়ার্ডের সারেং ইফতারির ঘণ্টা দু-এক আগেই সব কাজ শেষ করে বাড়িতে চলে গেছে। কিন্তু রাত এগারোটায় কীভাবে আগুন লাগছে তা বলতে পারব না। তবে ধারণা করা হচ্ছে শত্রুতাবশত হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার বলেন, ট্রলারগুলোতে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
এ ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
