চট্টগ্রামের আদালতের এজলাসে ঢুকে মোহাম্মদ জাফর (৩০) নামে এক যুবক গলায় ছুরি চালিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ চালিয়েছেন। তাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই যুবক চিৎকার করে বলছিলেন, ‘তার কথা শুনতে হবে, আদালতকে মামলা নিতে হবে।’
সোমবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
আটক জাফর নগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার টং ফকির মাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ‘মানসিক অসুস্থতায় ভুগছেন’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে ওই যুবক আচমকা ভেতরে প্রবেশ করেন। চিৎকার করে বলতে থাকেন, তার কথা শুনতে হবে, আদালতকে মামলা নিতে হবে। একপর্যায়ে নিজের কোমর থেকে একটি ছোট ছুরি বের করে তিনি হুমকি দেন, মামলা না নিলে এখানেই আত্মহত্যা করবেন। পরে নিজের গলায় ছুরিটি লাগালে দায়িত্বরত পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটকায়।
এসব তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন আদালত পুলিশের (প্রসিকিউশন) সহকারী কমিশনার মো. ওহিদুল্লাহ।
ওহিদুল্লাহ বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার সময় অসংলগ্ন কথাবার্তা বলছে, কীসের মামলার কথা বলছে সেটাও বোঝা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কোনো মামলা করেনি।
আদালতের নির্দেশন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ওহিদুল্লাহ।
