পাবনার সাঁথিয়ায় সাইকেল মেকানিক আবু মূসা হত্যা মামলায় তিন পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে পাবনা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদন্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলো মোহাম্মদ, জাহাঙ্গীর ও খোকন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৩ আগস্ট আসামিরা সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের বাজারের সাইকেল মেরামতের দোকান থেকে আবু মূসাকে ডেকে নিয়ে যায়। পরে একটি নারকেল বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান মূসা। এ ঘটনায় ওই দিনই নিহত মূসার স্ত্রী রহিমা খাতুন অজ্ঞাত আসামিদের নামে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মোহাম্মদ, জাহাঙ্গীর, খোকনসহ ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
