রাজশাহীর গোদাগাড়ীতে দুই কৃষকের আত্মহননের ঘটনায় অভিযুক্ত নলকূপ অপারেটর সাখাওয়াতের শাস্তি এবং গভীর নলকূপ পরিচালনায় অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা। তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
গতকলি সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা। বেলা ১১টায় সেখানে মানববন্ধন শুরু হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রক্ষাগোলা সমন্বয় কমিটি এর আয়োজন করে। এতে সহযোগিতা করে রক্ষাগোলার সংগঠক বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও)।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে দুই কৃষকের আত্মহত্যার জন্য দায়ীদের বিচার এবং সেচ ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানানো হয়। সেখানে স্মারকলিপি দেওয়ার পর আদিবাসী নারী-পুরুষরা বিএমডিএ সদর দপ্তরে গিয়ে অবস্থান নেন। তাদের একটি প্রতিনিধিদল বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেনকে স্মারকলিপি দেয়।
