সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:২০ এএম

সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল। এজন্য সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি  প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। এটা নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী তিন কোম্পানির মালিকানা থাকবে প্যারামাউন্ট টেক্সটাইলের। আর বিদ্যুৎ উৎপাদনের ব্যবসা থেকেই কোম্পানির নিট মুনাফার উল্লেখযোগ্য আয় হয়।

প্যারামাউন্ট টেক্সটাইল জানিয়েছে, ব্যবসায়িক কার্যক্রমে বৈচিত্র্য আনার অংশ হিসেবে নতুন এই সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার কিনবে তারা। এ কোম্পানির মাধ্যমে পাবনা জেলা সদর থানার ভবানীপুরের রতনপুর মৌজায় অবস্থিত ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্লান্ট স্থাপন করা হবে। এ প্রকল্প স্থাপনে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হবে।

বিদ্যুৎ খাতে আরও দুটি সহযোগী কোম্পানি রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের, যেখান থেকে মুনাফার বড় অংশ আসে। প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি লিমিটেড ও ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড নামের সহযোগী প্রতিষ্ঠান দুটিতে প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৯ শতাংশ করে শেয়ার রয়েছে। ২০২০-২১ হিসাব বছরে এ দুই সহযোগী প্রতিষ্ঠান থেকে ৩৭ কোটি টাকারও বেশি মুনাফা পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। এ সময় এ দুই বিদ্যুৎ কোম্পানি সম্মিলিতভাবে ৭৬ কোটি টাকার বেশি নিট মুনাফা করে।

২০২০-২১ হিসাব বছরে প্যারামাউন্ট টেক্সটাইল মূল ব্যবসা থেকে ৫০২ কোটি টাকা আয় করে। উৎপাদন ব্যয়ের পর মোট আয় দাঁড়ায় ৭৭ কোটি ৩৭ লাখ টাকা। প্রশাসনিক ও সুদবাবদ ব্যয়ের পর অন্যান্য খরচের পর পরিচালন মুনাফা হয় ৩৮ কোটি ২৬ লাখ টাকা। এ সময় বিদ্যুৎ খাতের দুই সহযোগী প্রতিষ্ঠান থেকে ৩৭ কোটি টাকা আয় যোগ হওয়ার পর করপূর্ববর্তী মুনাফা দাঁড়ায় ৭৫ কোটি ৪০ লাখ টাকা। আর কর পরিশোধের পর প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৬ কোটি ১৮ লাখ টাকা নিট মুনাফা হয়। চলতি ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির আয় আরও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত