ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ধসে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলো সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টিতে প্রথমে টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। প্রায় ১৫ বছর আগে স্কুলটি পাশের আধাপাকা ভবনে স্থানান্তরিত হলে টিনশেড ঘরটি পরিত্যক্ত হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ এটি ভেঙে পড়ে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়। এ সময় আশপাশের দোকানদার ও ব্যবসায়ীরা গিয়ে শিশুদের উদ্ধার করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলাম বলেন, ‘শব্দ পেয়ে শিক্ষকরা এসে দেখেন পরিত্যক্ত ঘরটি পড়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
শহর পুলিশ ফাঁড়ির (১ নম্বর) উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে আমরা এসেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
