বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করল বন্যপ্রাণী বিভাগ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৪:১১ পিএম

পাচারের হাত থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের রানীরপুর গ্রামের সবুজ মিয়া লজ্জাবতী বানরটিকে বন বিভাগের কাছে তুলে দেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সবুজ মিয়া এবং তার সহযোগী আব্দুল করিম লজ্জাবতী বানরটিকে পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার করে নিজের বাড়িতে এনে রাখেন।

বন বিভাগ বুধবার এটি উদ্ধারের পরিকল্পনা করে। পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা লজ্জাবতী বানরটি সবুজ মিয়া মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আল আমিনসহ বন বিভাগের বনকর্মীরা।

রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বনের প্রকৃতি থেকে যে কোনো বন্যপ্রাণী ধরা, পাচার করা, হত্যা করা এবং তাদের মাংস খাওয়া দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। যারাই এর সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আমরা প্রমাণসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত