নড়াইলের লোহাগড়ায় সোহেল খাঁ (৪০) নামে একাধিক হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কক্সবাজারের টেকনাফে রিদুয়ান নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনা দুটি ঘটে। নড়াইলে নিহত সোহেল লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের বদিয়ার খানের ছেলে। দিঘলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে শ^শুরবাড়িতে বেড়াতে গেলে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে চার-পাঁচটি হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোহেল খাঁ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার শ^শুরবাড়িতে অবস্থানকালে রাতে বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে গেলে দুর্বৃত্তরা সোহেলকে ঘিরে বেপরোয়াভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এদিকে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী এলাকা থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মাদ্রাসাছাত্র রিদুয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিদুয়ান টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরী গ্রামের মো. হাশিম মাঝির ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
