উজানে ভারি বর্ষণ হওয়ায় পানি উন্নয়ন বোর্ড হাওরাঞ্চলে আকস্মিক বন্যার বিশেষ সতর্কতা পূর্বাভাস দিয়েছে। এ পরিস্থিতিতে হাওর এলাকায় ঝুঁকিতে থাকা পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, হাওর অধ্যুষিত সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদনদীর পানিও দ্রুত বাড়তে পারে।
সিলেটে সারিগোয়াইন নদীর দুটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে কেন্দ্রের তথ্যে দেখা গেছে।
আগামী ২৪ ঘন্টায় ভারি বৃষ্টিপাতে এসব জেলার নদনদীর পানি আরও কিছু স্থানে দ্রুত বাড়তে পারে। এতে সুরমা নদী সিলেট ও সুনামগঞ্জ জেলায় এবং ধনু বাউলাই নদী নেত্রকোণা জেলায় কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন্যার ঝুঁকির মধ্যে থাকা বোরো ধান ৮০% শতাংশ পাকলে দ্রুত সংগ্রহের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. শাহ কামাল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, আগামী ৪৮ ঘণ্টা মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে।
এতে ৭২-৯৬ ঘণ্টার মধ্যে নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কৃষি পরামর্শ
আকস্মিক বন্যার ক্ষতিকর প্রভাব থেকে ফসল রক্ষায় জরুরি কয়েকটি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকন জায়গায় রাখুন।
দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলুন। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন। জমির আইল উঁচু করে দিন।
সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন। পুকুরের চারপাশ উঁচু করে দিন।
সম্ভব হলে চারপাশ জাল বা বাঁশের চাটাই দিয়ে ঘিরে দিন যেন বন্যার পানিতে মাছ ভেসে না যায়।
শনিবার সুনামগঞ্জে দিরাই উপজেলার চাপতি হাওরে বাঁধ ও ধানখেত পরিদর্শন করবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সদর উপজেলার জাওয়ার হাওরে আগামজাত বিনা ধান-১৭ কাটা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
