কোটচাঁদপুরে হাটের টোল আদায় নিয়ে সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৭:০১ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় হাটের টোল আদায় নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। একই সঙ্গে আরও দুজন গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সমর্থক আশরাফুল ইসলাম ও পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থক হাসানুজ্জামান ডনের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১)। এর মধ্যে জীবন কোটচাঁদপুর শহরের তালমিল পাড়ার ফিরোজ হোসেনের ছেলে ও আক্তার হোসেন একই উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে। তারা হাসানুজ্জামান ডনের সমর্থক বলে জানা গেছে।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, চৌগাছা বাসস্ট্যান্ডের কাঁচাবাজার থেকে টোল আদায়কে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সমর্থক আশরাফুল ইসলাম ও পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থক হাসানুজ্জামান ডনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ডনের লোকজন টোল আদায় করতে গেলে আশরাফুলের সমর্থকরা বাধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় ৪ জন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন নামে একজনের মৃত্যু হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আক্তার হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হাসানুজ্জামান ডনের  সমর্থক। আহত দুই যুবক হলেন, সোহাগ আলী ও সাব্বির হোসেন।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে বাজারের টোল আদায় নিয়ে সংঘর্ষ হয়। এতে আক্তার হোসেন ও জীবন মিয়া নামে দুজন নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের  গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত