ছাত্রলীগের বিরুদ্ধে ঢাবি ছাত্রকে মারধরের অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৮:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এক ছাত্রকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে।

তবে অভিযুক্ত অতনুর দাবি, তার সঙ্গে ওই ছাত্রের ‘তর্কাতর্কি’ হয়েছে, মারধর নয়।

গতকাল শুক্রবার রাতে ক্যাম্পাসের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ইউটার্ন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র রাকিবুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

এ ঘটনার বিচার চেয়ে আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানান রাকিবুল।

শনিবার অভিযোগকারী শিক্ষার্থী সংবাদমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তিনি উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্যের সামনে দিয়ে মোটরসাইকেলে করে মুহসীন হলে যাচ্ছিলেন। এ সময় সেখানে থাকা তার এক বন্ধুর ডাক শুনে মোটরসাইকেল ইউটার্ন করছিলেন। তখন অতনু বর্মণও মোটরসাইকেলের বহর নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। জগন্নাথ হলের আরও কিছু ছাত্র আগে থেকেই উদয়ন বিদ্যালয়ের সামনে ছিলেন। ইউটার্ন নেওয়ার সময় অতনু বর্মণের মোটরসাইকেলের বহরের সঙ্গে তার (রাকিবুল) মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার উপক্রম হলে তিনি মোটরসাইকেল থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান।

তিনি আরও বলেন, মোটরসাইকেল থামিয়ে দাঁড়ানোর পরপরই অতনু বর্মণের সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে গালিগালাজ করতে থাকেন। জবাবে আমি তাদের দাঁড়াতে বলি। এরপরই অতনু বর্মণের নির্দেশে তার প্রায় ২০ জন অনুসারী আমার ওপর হামলা করেন। বারবার আমি ও আমার সেই বন্ধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলেও তারা কয়েক মিনিট ধরে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় দেন।

খবর পেয়ে অভিযোগকারীর বন্ধুরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে, কিছু স্থান ফুলে আছে।

অভিযোগ প্রসঙ্গে অতনু বর্মণ বলেন, ‘ওই ছাত্রকে কোনো ধরনের মারধর করা হয়নি। তার সঙ্গে আমার শুধু তর্কাতর্কি হয়েছে। সে প্রথমে আমাকে চিনতে পারেনি। সে যেহেতু আমার ক্যাম্পাসের জুনিয়র, তাই পরে সে আমাকে সরি (দুঃখিত) বলেছে। ব্যস্ততা থাকায় পরে আমি সেখান থেকে চলে আসি, সেও চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত