স্বাধীনতার পর থেকে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকট মোকাবিলায় হিমশিম খাওয়া শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসের প্রায় দুই ডজন বিমান ইজারা নেওয়ার একটি পরিকল্পনা সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভের চরম সংকটে দেউলিয়া হওয়ার অবস্থা হয়েছে শ্রীলঙ্কা।
গত দুই বছরে তাদের রিজার্ভ ৭০ শতাংশের বেশি কমেছে, মার্চের শেষে এসে যা ১৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসের ওয়েবসাইটে ধাপে ধাপে ৪২টি বিমান ইজারা নেওয়ার দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কভিড-১৯ মহামারী ও অর্থনৈতিক সংকটের কারণে পর্যটন ব্যবসায় ধস শ্রীলঙ্কান এয়ারলাইনসকেও বিপদে ফেলেছে।
২০১৯-২০ সালেই তাদের ৪ হাজার ৪১৪ কোটি লঙ্কান রুপি লোকসান হয়েছে, আগের বছরও যার পরিমাণ ছিল ৪ হাজার ১৭০ কোটি। এয়ারলাইনসটির চেয়ারম্যান অশোকা পাথিরাগে বলেছেন, এখন বহরে থাকা বিমানগুলোর মধ্যে পর্যায়ক্রমে যেগুলো অনুপযোগী হয়ে যাবে, সেগুলোর বদলে প্রাথমিকভাবে নতুন ২১টি বিমান ইজারা নেওয়া তাদের ২০২২ থেকে ২০২৫ সালের ব্যবসা পরিকল্পনারই অংশ।
