চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে নবম শ্রেণির ছাত্র। ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাবির লাঠির আঘাতে মারা গেছেন দেবর। ঝিনাইদহে ভাই-ভাতিজা পিটিয়ে হত্যা করেছেন কৃষককে। ময়মনসিংহের ত্রিশালে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। এছাড়া, গাজীপুরের কালিয়াকৈরে তরুণের এবং মৌলভীবাজারের কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী ঈদগাহ কাঁচা রাস্তার মাথা এলাকায় তর্কাতর্কির জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ ফাহিম (১৫)। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র। সে হালিশহর আফজাল ফকির রোডের ধোপা পুকুর পাড়ের বাসিন্দা মো. জহিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ফাহিম বন্ধুদের সঙ্গে হালিশহর এলাকায় একটি মেলায় যায়। মেলা থেকে ফেরার পথে ঈদগা কাঁচা রাস্তার মাথা এলাকায় বন্ধুদের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে ফাহিম ও তার বন্ধু ইমনকে ছুরিকাঘাত করে অন্যরা।
গফরগাঁও (ময়মনসিংহ) : পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের দীর্ঘদিনের বিরোধের জেরে মারামারি একপর্যায়ে ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে গুরুতর আহত সাইফুল ইসলাম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ঘটে গত শুক্রবার বিকালে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে।
ঝিনাইদহ : সদরে ভগবাননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মকবুল হোসেন মোল্লা ওই গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে মকবুল মোল্লা ঘর নির্মাণ করতে গেলে তাকে পেটানো হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে পূর্বশত্রুতার জেরে আবুল কালাম (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাগাটি গ্রামের জামতলী এলাকার তিন রাস্তার মোড়ে আবুল কালামের ভাতিজা সোহাগকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে মারধর করে দুর্বৃত্তরা। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকা থেকে গতকাল শনিবার সকালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ বিল্লাল হোসেন (৪০) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে আমগাছ থেকে সিমা বেগম (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের উত্তর রাধানগর এলাকায় এ ঘটনাটি ঘটে। সিমা একই এলাকার মৃত মছক মিয়ার মেয়ে।
