রাজধানীর ধানমন্ডি এলাকায় ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন শেখ ফজিলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজর উচ্চ মাধ্যমিক ১ম বর্ষেরর ছাত্র মো. আরিফ হাওলাদার জিসান (১৮) ও ওয়েস্ট ধানমন্ডি স্কুলের দশম শ্রেণির ছাত্র রাহিন ইসলাম (১৬)।
তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
রোববার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর লেকের পাড়ে ঘটনাটি ঘটে। পরে থানা পুলিশ তাদের দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
আহতদের বন্ধু মো. রায়হান জানান, তাদের সবার বাসা ধানমন্ডি মধুবাজার এলাকায়। সন্ধ্যার দিকে তারা তিনজন ধানমন্ডি লেকের পাড়ে ঘুরতে যান। তারা যখন লেকের পাড়ে বসা ছিলেন তখন প্রায় দশ থেকে বারোজন যুবক তাদের সামনে এসে পকেট হাতাতে থাকেন। তারা বাধা দিলে জিসানের পিঠে ছুরি দিয়ে আঘাত করে তারা। এ সময় রাহিন আটকাতে গেলে তার বুকেও ছুরি দিয়ে আঘাত করে। আর রায়হানকে চড়-থাপ্পড় মেরে ফেলে দেয়। পরে তারা জিসান ও রাহিনের ফোন নিয়ে পালিয়ে যায়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রাতে ধানমন্ডি ৩২ নম্বর লেকের পাড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। আহতরা অভিযোগ করছে, ছিনতাইকারীরা তাদের ছুরি মেরে মোবাইল নিয়ে গেছে। তবে বিষয়টি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
