ভারতের রাজনীতিতে ভোটকুশলী হিসেবে ব্যাপক পরিচিতি প্রশান্ত কিশোরের। পিকে নামেই সমাদৃত তিনি। বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোকে নানা পরামর্শ দেন তিনি। এ পরামর্শ সরকার গঠনে ও ভোটের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরামর্শ ও ভোটের রাজনীতির মাঠে তার কৌশল আয়ত্ত করে অনেকেই সফল হয়েছেন। সর্বশেষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পিকের সঙ্গে বসেছিলেন এবং ভোটে আশানুরূপ ফলাফলও পেয়েছিলেন। সেই পিকেই এবার ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসকে বিপর্যয় থেকে বাঁচাতে কান্ডারি হিসেবে আবির্ভূত হচ্ছেন বলে জানিয়েছে দ্য হিন্দু।
২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেসের হয়ে মাঠে নামতে পারেন প্রশান্ত কিশোর। এমন খবরও শোনা যাচ্ছে, তিনি কংগ্রেসে যোগও দিতে পারেন। গত শনিবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। সাড়ে তিন ঘণ্টার ওই বৈঠকের পর ইঙ্গিত মিলেছে, তিনি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে ভারতের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর বিস্তারিত জানা যায়নি। তবে কংগ্রেস নেতৃত্ব মনে করছে, এ মুহূর্তে প্রশান্ত কিশোরের যত না কংগ্রেসকে দরকার, তার চেয়ে কংগ্রেসের বেশি দরকার পিকের।
শনিবারের বৈঠকে রাহুল গান্ধীসহ কংগ্রেসের অপর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, প্রশান্ত নিজেই এদিন কংগ্রেস নেতাদের সামনে দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ২০২৪ সাল পর্যন্ত ভোটের মাঠে দলটির কৌশল কেমন হওয়া উচিত, সেটা নিয়েও একটি রোডম্যাপের কথা কংগ্রেস নেতাদের বলেছেন তিনি। প্রশান্ত কিশোর জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে ৫৪৪ আসনের মধ্যে ৩৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে হবে কংগ্রেসকে। তবে রাজ্যবিশেষে বদলে ফেলতে হবে পরিকল্পনা। উত্তর প্রদেশ, ওডিশা ও বিহারের মতো রাজ্যে লড়াইয়ে কংগ্রেসের জোর কম, সেসব রাজ্যে শক্তি বাড়াতে দলকে একা লড়াই করার পরামর্শ দিয়েছেন প্রশান্ত। আবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের মতো রাজ্যে জোটের ভিত্তিতে সাজবে রণকৌশল। প্রশান্তের এসব পরামর্শ নাকি মনে ধরেছে রাহুল গান্ধীর।
প্রশান্ত কিশোরের প্রস্তাব খতিয়ে দেখতে একটি কমিটি করে দিয়েছেন সোনিয়া গান্ধী। সেই কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদন পাওয়ার পরই প্রশান্ত কিশোরের যোগদানের দিনক্ষণ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রগুলো দাবি।
