চেলসির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জো কোল জানিয়েছেন, চেলসি ক্যারিয়ার বাঁচানোর জন্য রোমেলু লুকাকুর হাতে আছে মাত্র ৬ সপ্তাহ।’
গত বছর বড় অঙ্কের ট্রান্সফার ফি’তে স্টামফোর্ড ব্রিজে ফেরেন বেলজিয়ান তারকা। কিন্তু আনতে পারেননি ইন্টার মিলানের পারফরম্যান্স। স্ট্রাইকার ভূমিকায় যেন নিজেকে হারিয়ে খুঁজছেন লুকাকু।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকাংশ সময় বদলি হিসেবে মাঠে নামতে হয়েছে ২৮ বছর বয়সী তারকাকে। এই মৌসুমের প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ খেলে মাত্র ৫ গোল করেছেন তিনি।
ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালেও বেঞ্চ গরম করতে হয়েছে লুকাকুকে। বদলি হিসেবে নেমে সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি। তবে বিরতির পর রুবেন লফটাস-চিক ও ম্যাসন মাউন্টের গোলে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা।
এই ম্যাচে লুকাকুকে আরেকবার এমন নিষ্প্রভ দেখে আইটিভি স্পোর্টকে কোল বলেন, ‘সে যদি চায়, চেলসি ক্যারিয়ার বাঁচাতে তাহলে তার হাতে আছে মাত্র ৬ সপ্তাহ’।
ব্লুজ কিংবদন্তি টিমো ভেরনারের সঙ্গে তুলনা এনে আরও বলেন, ‘আপনি টিমো ভেরনারকে দেখুন, যে কখনো হাল ছাড়ে না। যখন সে গোল করতে পারে না তখন অন্যকিছু দিয়ে তা পুষিয়ে দেয়। লুকাকু কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু সে সুযোগ হাতছাড়া করে।’
ইতোমধ্যে লিগে ৩০ ম্যাচ খেলে ফেলেছে চেলসি। ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টমাস টুখেলের দল। যেখানে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান ১০। ২২ মে ঘরের মাঠে চলতি মৌসুমের লিগের শেষ ম্যাচ খেলবে চেলসি। প্রতিপক্ষ ওয়াটফোর্ড। এই মৌসুমে এফএ কাপের ফাইনালসহ তাদের ম্যাচ বাকি আছে মাত্র ৯টি। বাকি ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারবেন তো লুকাকু?
