বিমানবন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৮:৩০ এএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রেখা আক্তার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক মো. শিপন জানান, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। আব্দুল্লাহপুর যাবে বলে তেজগাঁও সাত রাস্তা থেকে তার মোটরসাইকেলে ওঠেন ওই নারী। পথে বিমানবন্দর ছাপড়া মসজিদের দক্ষিণ পাশের পেছন থেকে কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন রেখা। আর সামন্য আহত হন চালক শিপন। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল চালক শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। নাম ছাড়া ওই নারীর বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত