কুষ্টিয়ায় বাড়িতে প্রকৌশলীর স্ত্রী খুন

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:৪১ এএম

কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে খুন হয়েছেন শেফালী রানী বিশ্বাস (৫৫)। গত সোমবার বিকেলে শহরের হাউজিং ডি-ব্লকে চারতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শেফালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী। ২০১৫ সালে অবসর নিয়ে বাড়িটি তৈরি করে এ দম্পতি বসবাস শুরু করেন।

নিহতের স্বামী বলেন, সোমবার বাড়ির চতুর্থ তলায় ঢালাইয়ের কাজ করতে আসেন আট নির্মাণশ্রমিক। বিকেল পৌনে ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখে প্রতিবেশীরা চিৎকার করলে গিয়ে দেখি আমার স্ত্রী ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার গলায় শাড়ি পেঁচানো। লকার খোলা, গহনার বাক্সগুলো বিছানার ওপর খালি পড়ে আছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইপো রাজিব বিশ্বাস অভিযোগ করেন, বাড়িটিতে হঠাৎ করে বাইরে থেকে এসে লকার খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নেওয়া সম্ভব নয়। হত্যাকারীরা পিসির (ফুফু) পূর্বপরিচিত এবং তারা আগেই বাড়িতে অবস্থান করছিলেন বলে আমাদের ধারণা।

সিআইডির উপসহকারী পরিদর্শক মঈন হোসেন জানান, বাইরের কেউ এ এলাকায় এসে অপরাধের কথা চিন্তাও করবে না। শেফালীকে বাড়িতে অবস্থানকারীদের কেউ হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত