নাটোরের বড়াইগ্রামে শত্রুতার আগুনে পুড়ে মরল প্রায় ৫০০টি মুরগির বাচ্চা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভরতপুর পশ্চিমপাড়ায় মো. ইয়াকুব আলীর ব্রয়লার মুরগির খামারে এ আগুন লাগে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকা-ের ঘটনায় প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারি ইয়াকুবের। তার অভিযোগ কেউ শত্রুতা করে তার খামারে আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী জানান, সোমবার রাতে আকস্মিকভাবে ভরতপুর গ্রামের ইয়াকুব আলীর মুরগির খামারে আগুন লাগে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই খামারের ১ হাজার ৮০০টি মুরগির বাচ্চার মধ্যে প্রায় ৫০০টি পুড়ে মারা যায়। এ সময় অবশিষ্ট বাচ্চাগুলো সরিয়ে নিতে পারলেও আগুনের তাপে বেশ কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি ইয়াকুব আলী বলেন, ‘যে পাশ থেকে আগুনের সূত্রপাত সেখানে বৈদ্যুতিক সংযোগ বন্ধ ছিল। তাই শর্টসার্কিটে অগ্নিকা-ের কোনো সুযোগ নেই। কেউ শত্রুতা করে খামারে আগুন লাগিয়ে দেওয়ায় আমার এ সর্বনাশ হলো।’
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুর রহিম বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
