সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:১৬ এএম

সড়ক ছেড়ে চলে গেছেন নিউমার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের ছাত্ররা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে থেকে উঠে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে চলে যান। এর আগে রাত সোয়া ১০টার দিকে দোকানমালিক ও কর্মচারীরা সড়ক ছেড়ে চলে যান।

এর আগে হলে থাকার ‘আশ্বাসে’ মুক্ত হন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনূল হোসেন। ছাত্রদের ‘হলে থাকতে দেওয়ার আশ্বাস’ দিয়ে ক্যম্পাস ছাড়েন তিনি।

ক্যাম্পাস থেকে রাত সাড়ে ৮টার দিকে বেরিয়ে তিনি পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে যান। কলেজের ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের এ ছাত্র ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

কলেজ ও হল বন্ধের ঘোষণা আসার পর মঙ্গলবার বিকাল সোয়া তিনটা থেকে ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় ঘিরে রাখে তারা।

পরে রাত সাড়ে আটটার দিকে হলে থাকার আশ্বাস দেওয়ার পর অধ্যক্ষের কার্যালয় থেকে সরে যান শিক্ষার্থীরা। 

তবে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত মিরপুর সড়কের নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত অংশে গণপরিবহন চলাচল শুরু হয়নি। সড়কে অসংখ্য ভাঙা ইট ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা যায়। দু–একটি রিকশা চলাচল করছিল। মোটরসাইকেলও চলতে দেখা যায়। রিকশা ও মোটরসাইকেল ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে শিক্ষার্থীদের সেগুলো আটকে কথা বলতে দেখা যায়। সে সময় অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত