শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের জের ধরে ঢাকার নিউমার্কেট এলাকায় বন্ধ করে দেওয়া দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু হয়েছে।
৪ ঘণ্টারও বেশি সময় পর ‘কর্তৃপক্ষের’ নির্দেশনা অনুযায়ী নিউমার্কেট এলাকায় পুনরায় মোবাইল ইন্টারনেট সেবা চালু করেছে টেলিকম অপারেটররা।
অপারেটর সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট এলাকায় পুনরায় দ্রুতগতির ইন্টারনেট সেবা চালুর করতে 'কর্তৃপক্ষের' কাছ থেকে নির্দেশনা পান তারা।
এর আগে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিকেল সাড়ে ৪টা থেকে নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।
সূত্র জানিয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যদি সরকার মনে করে যে নেটওয়ার্ক বন্ধ করে সংঘর্ষের বিস্তার বন্ধ করা যাবে, তাহলে নেটওয়ার্ক বন্ধ করা যেতে পারে।
তিনি বলেন, অনেক মানুষ ইন্টারনেট ব্যবহার করে ঘটনাস্থল থেকে সংঘর্ষের লাইভ করে। এগুলো সংঘর্ষে উস্কানি দিতে পারে। এ কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকলেও গ্রাহকরা মোবাইলে ভয়েস কল করতে পারছেন বলেও জানিয়েছিলেন তিনি।
দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিল বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী সাংবাদিকরাসহ আরও কয়েক ব্যক্তি মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছেন না বলে জানিয়েছিলেন।
শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মারমুখী অবস্থানের কারণে মঙ্গলবার সকাল থেকে ওই এলাকার সব দোকানপাট ও সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের আবাও সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইট ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা।
