আফগানিস্তানে গতকাল বৃহস্পতিবার তিনটি রাজ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এর মধ্যে বলখ প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছে বলে জানিয়েছেন বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি।
মাজার-ই-শরিফের জেলা হাসপাতালের আবু আলি সিনা-ই-বলখি জানান, তারা ৩১ জনের লাশ ও আহত ৮৭ জনকে হাসপাতালে পেয়েছেন। বার্তা সংস্থা এএফপি বলছে, রাজ্য সরকার ঘটনার তদন্ত করছে। এরই মধ্যে ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কেপি) এ হামলার দায় স্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে, একই দিন আফগানিস্তানের কাবুলে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে দুই শিশু আহত হয়। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইট করে বলেন, ‘শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়।’
এছাড়া গতকাল কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহরে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বলেন, তালেবান সামরিক ইউনিটে কর্মরত মেকানিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়।
