পরিবহন শ্রমিককে মারধর

১৪ ঘণ্টা বন্ধের পর দিনাজপুরে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০১:৪৩ এএম

দিনাজপুরে পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি ১৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দিনাজপুরের সব রুটে যান চলাচল শুরু হয়। এর আগে এক পরিবহন শ্রমিক ও নেতাকে মারধরের প্রতিবাদে গত বুধবার রাত ১টা থেকে দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের দিনাজপুর-রংপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে গাড়ি রেখে ব্যারিকেড দেয় পরিবহন শ্রমিকরা। পরে গতকাল সকাল থেকে ঢাকাসহ জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

জানা গেছে, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে বাসের এক হেলপারকে মারধর করে সিএনজি অটোরিকশার চালকরা। এ সময় তাকে রক্ষায় বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ডাবলু এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একই দিন বিকেলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে রোগী ও নিহতদের মরদেহ পরিবহন নিয়ে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানা পুলিশ পাঁচ অ্যাম্বুলেন্স চালককে আটক করে। তাদের মুক্তির দাবিতে বুধবার রাত ১২টায় হাসপাতালের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে অ্যাম্বুলেন্স রেখে অবরোধ তৈরি করে অন্য চালকরা। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আরও দুজন অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়। পরে নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আটক অ্যাম্বুলেন্স চালকদের মুক্তির দাবিতে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

অবরোধ কর্মসূচি প্রত্যাহারের পর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী দেশ রূপান্তরকে বলেন, ‘সাতজন অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। তাদের জামিন দিয়ে দেওয়া হবে এবং শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি।’

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘শ্রমিকদের সাথে বসা হয়েছিল। রাস্তা খুলে দেবে বলেছে।’

শ্রমিকদের কী আশ্বাস দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো কিছু আশ্বাস নেই, রাস্তা খুলে দেবে বলেছে। এরপর পরের বিষয় পরে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত