পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে সফর করছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ইলহান ওমর। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আইনপ্রণেতা ইলহান ওমর পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। অবশ্য এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইলহান ওমরের সফর সরকারি নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন ইমরান খান।
কংগ্রেস সদস্য ইলহান ওমর রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুজনের দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে। এটা কি সত্যি যে, ইলহান ওমর বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে গেছেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেন, ‘ইলহানের এই সফর যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে কিংবা কোনো সরকারি সফর নয়।’
আলোচিত এই মুসলিম নারী আইনপ্রণেতা কংগ্রেসের সদস্য হওয়ার পর প্রথমবার পাকিস্তান সফরে এসেছেন। ২৪ এপ্রিল পর্যন্ত দেশটিতে অবস্থান করার কথা রয়েছে তার।
