ঈদযাত্রাকে পুঁজি করে ইজাদারদের রমরমা ব্যবসা: যাত্রী কল্যাণ সমিতি

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৮:২৩ পিএম

আসছে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ছোট বড় সকল নৌ-বন্দর গুলোতে ব্যস্ততা বেড়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে যাত্রী পারাপারে ইজারাদাররা অতিরিক্ত টোল আদায় করছে বলে অভিযোগ তোলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

অভিযোগে বলা হয়, সদরঘাট নদীবন্দরসহ ৪ শতাধিক ঘাটপয়েন্টে বিআইডব্লিউটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টোল আদায় নৌ-বন্দরের ইজারাদাররা।

শনিবার সংগঠনটি থেকে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন যাত্রী কল্যাণের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, সদরঘাটে নদীতে নামতে-উঠতে যাত্রীপ্রতি টোল নেওয়া হচ্ছে। অথচ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী খেয়া পারাপারে যাত্রীপ্রতি ভাড়া আদায়ের কথা বলা আছে। এখানে কেউ পরিবারের জন্য বাজার-সদাই নিয়ে পারাপার হলে তাদের কাছ থেকে জোরপূর্বক ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা নিচ্ছে বিআইডব্লিউটিএ নিয়োজিত ইজারাদার। যদিও এই ঘাটে ইজারাদারের নৌকায় পারাপারের ক্ষেত্রে যাত্রী প্রতি ভাড়া আদায়ের চুক্তি রয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, দেশের নৌ-পথের যাত্রী পারাপারে এ ধরনের লুটপাট বাণিজ্য শুধু সদরঘাট নয়, বিআইডব্লিউটিএ ইজারাকৃত সারা দেশের ৪ শতাধিক নদীবন্দর ও খেয়াঘাটের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা পরিষদের মালিকানাধীন ঘাট ও খেয়া পারাপার পয়েন্টে এ ধরনের হরিলুটের মহোৎসব চলছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌপথে যাত্রী হয়রানি, টোল নৈরাজ্য বন্ধে বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও এ ধরনের নৈরাজ্য বন্ধে নৌপরিবহন মন্ত্রণালয় বা বিআইডব্লিউটিএ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। যাত্রীরা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করলে তাদের নাজেহাল করা হচ্ছে। এসব ঘাটে টোল আদায়ের জন্য ইজারাদাররা এলাকার মাস্তান প্রকৃতির উচ্ছৃঙ্খল যুবকদের দায়িত্ব দেওয়ার ফলে যাত্রীদের অনেকেই তাদের চাহিদামত অতিরিক্ত টোল ও অবৈধ চাঁদা দিয়ে নদী ও ঘাট পারাপার হতে হচ্ছেন। অনেকের দামি মালামাল নদীর পানিতে ফেলে দিচ্ছে। এমনকি মারধরের শিকার হচ্ছেন। এতে অসহায় যাত্রীদের সরকারের ওপর নানাভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।’

এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে নৌপরিবহন মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত