দুনিয়াতে প্রত্যেক মানুষই কোনো না কোনো দিক থেকে অভাবগ্রস্ত ও মুখাপেক্ষী। একমাত্র আল্লাহতায়ালা সম্পূর্ণ অমুখাপেক্ষী ও অভাবমুক্ত। পরিপূর্ণ অমুখাপেক্ষী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দয়ারগুণেও গুণান্বিত। সমগ্র বিশ্বকে অস্তিত্ব ও স্থায়িত্ব দান করা এবং বিশ্ববাসীর বাহ্যিক, অভ্যন্তরীণ, বর্তমান ও ভবিষ্যৎ সব প্রয়োজন অযাচিতভাবে মেটানোর কারণও তার এ দয়াগুণ। সুতরাং আমরা যেন আমাদের সব ধরনের অভাব-অভিযোগ সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার কাছে পেশ করি। সমস্যার প্রতিকার, রোগের শেফা, প্রয়োজন পূরণের চাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় মহান আল্লাহর কাছে বলা ও চাওয়াই মুমিনের কাজ। আর আল্লাহতায়ালার কাছে নিজের চাওয়া-পাওয়া পেশ করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমজান মাস। আমাদের যাদের রিজিক দরকার, চাকরি দরকার, বিয়ে দরকার, সন্তান আর সম্পদ দরকার যার যা দরকার হোক, আমরা যেন আল্লাহতায়ালার কাছে এই রমজানে চেয়ে নিই। আপনার একাধিক প্রয়োজন কিংবা আপনি সমস্যায় জর্জরিত এ জন্য চিন্তার দরকার নেই। সবকিছু আল্লাহর কাছে বলুন, তিনি সব সমস্যার সমাধান করবেন। মনে কোনো ধরনের সংকোচ রাখবেন না। মহান আল্লাহর কাছে এই রমজানে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ প্রয়োজন পূরণ হবে। দেখবেন, ধীরে ধীরে আপনার চাওয়া-পাওয়ার অনেকগুলোই পূরণ হয়েছে কিংবা মহান আল্লাহ একটি উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। মনে রাখবেন, বান্দার চাওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হন। বান্দা যদি ভুল করে এবং আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে তবে আল্লাহ তার বান্দার ওপর আরও বেশি খুশি হন। তাকে ক্ষমা করেন। দয়ার চাদরে আবৃত করে নেন। কিন্তু যার কাছ থেকে ক্ষমা চাওয়ার শক্তিও তুলে নেন সেই প্রকৃত হতভাগা।
×
