শেরপুর শহরের শতবর্ষী ১০টি গাছ কাটল সওজ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:৪৩ পিএম

শেরপুর পৌর শহরের প্রধান সড়কের দু’পাশের শত বছরের পুরনো আমগাছসহ অন্যান্য গাছ কেটে ফেলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। শহরের প্রাণকেন্দ্রের শতবর্ষের স্মৃতিচিহ্ন মুছে ফেলায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, শেরপুর জেলা শহরে প্রায় ৮ কিলোমিটার সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক রয়েছে। শহরের সজবরখিলা থেকে খোয়ারারপাড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুপাশে ১০টির বেশি বিশাল আকারের আমগাছ শতাব্দীর ঐতিহ্য ধরে ঠায় দাঁড়িয়ে ছিল। সড়ক প্রশস্তকরণের জন্য গত শনিবার ১০টি আমগাছ কেটে ফেলা হয়। বাকি গাছগুলো কাটার প্রক্রিয়া চলছে।

এসব গাছ কাটার সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। পরে তারা এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘রাস্তা প্রশস্তকরণে বিকল্প কোনো ব্যবস্থা ছিল না বিধায় গাছগুলো কাটা হয়েছে। রাস্তার কাজ শেষ হলে দু’পাশে নতুন করে গাছ রোপণের পরিকল্পনা রয়েছে আমাদের। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত