রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় সুমা আক্তার (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাবা সিএনজি অটোরিকশা চালক মো. আ. জব্বার জানান, মেরাদিয়া বড়বাড়ি এলাকার বজলু কমিশনারের দুতলা বাড়িতে ভাড়া থাকেন তারা। দুপুরে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। তখন সুমা তার কাছে গিয়ে তাকে ডেকে তুলে। এ সময় সুমার নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, পাশের বাড়ির খলিল (২২) নামে এক রিকশাচালকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের সঙ্গেই কোনো ঝামেলা হয়েছিল বলে ধারণা তাদের। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।
তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার কাচতোল গ্রামে। তিন মেয়ের মাঝে সবার বড় ছিলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। সুমা কীটনাশক পান করেছিল নাকি অন্য কিছু হয়েছে, তা স্বজনরা বলতে পারছে না। ঘটনাটি তদন্তের জন্য থানা-পুলিশকে জানানো হয়েছে।
