গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২:২৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) এবং একই গ্রামের দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া ও সোলায়মান মিয়ার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়মুখী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুধবার সকাল ৯টার দিকে পলাশবাড়ীর মহেশপুর এলাকায় পৌঁছালে সবজিবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু মিয়া ও সোহেল মিয়া নিহত হন।

আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। তারা সবজি নিয়ে পলাশবাড়ী উপজেলার মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত