‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খামারিদের কম দিয়েছি’

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০১:০৮ এএম

সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ডা. মেহেদী হাসান নামে ওই  কর্মকর্তা সাটুরিয়ায় মাসদুয়েক আগে যোগদানের পর থেকেই বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং ভুয়া বিল-ভাউচার দেখিয়ে দুর্নীতি করে আসছেন বলে অভিযোগ করেছেন খামারিরা।

এ ব্যাপারে প্রশ্নের মুখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গরু হৃষ্টপুষ্টকরণ ও মুরগি পালনের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপাদানের দাম বেড়ে যাওয়ায় খামারিদের কিছু কিছু সামগ্রী কম দেওয়া হয়েছে।

এলাকাবাসী এবং খামারিদের অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান যোগদান করেই প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ আয়োজন করেন নিজ অফিস চত্বরে। ওই প্রদর্শনীতে ২০২১ সালের ব্যানার দিয়ে ২০২২ সালের প্রদর্শনী চালিয়ে দিয়ে টাকা আত্মসাৎ করেন।

খামারিরা জানান, ন্যাশনাল এ্যাজিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি)-২ প্রকল্পের আওতায় গরু হৃষ্টপুষ্টকরণ ও মুরগি পালন প্রদর্শনীতে অনিয়মসহ সিডিউল অনুযায়ী খামারিদের যে পরিমাণ খাদ্য ও ওষুধসহ অন্যান্য সামগ্রী বাইরে থেকে কিনে দেওয়ার কথা তা না দিয়ে কম দিয়েছেন ডা. মেহেদী হাসান। তিনি প্রকল্পের টাকা ব্যয় না করে বিভিন্ন ওষুধ কোম্পানির নমুনা ওষুধ (স্যাম্পল) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সরবরাহকৃত সরকারি ওষুধ দিয়ে খামারিদের বিদায় করেন। এমনকি খামারিদের যাতায়াত ভাড়া বাবদ ৫০০ টাকা দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হয় ৩০০ টাকা। এই কর্মকর্তা খামারিদের সকালের নাস্তার টাকাও মেরে দিয়েছেন বলে খামারিরা অভিযোগ করেন। প্রকল্পের আওতায় একজন মুরগি খামারির জন্য বরাদ্দ ১১ হাজার টাকা। কিন্তু তিনি বিভিন্ন বিল-ভাউচার দেখিয়ে প্রত্যেক খামারি বাবদ প্রায় অর্ধেক টাকা আত্মসাৎ করেন।

খামারি কানিজ ফাতেমা বলেন, মুরগির বাচ্চা ১০টির মধ্যে ৭টি দিয়েছে। ব্রিফিং ভাতাসহ অন্যন্য ভাতা পাইনি।

গরুর খামারি আয়াত আলী জানান, ১১৫ কেজি খাদ্যের মধ্যে ১০০ কেজি খাদ্য দেওয়া হয়েছে। ৯০ কেজি চিটাগুড়ের মধ্যে ৬০ কেজি দিয়েছে। বিভিন্ন ওষুধপত্র দিয়েছে নামমাত্র। যাতায়াত ভাড়া ৫শ টাকার মধ্যে ৩শ টাকা দিয়েছে। অন্যান্য ভাতা থাকলেও খামারিদের দেওয়া হয়নি। ব্রিফিংয়ের সময় সকালের নাস্তা দেওয়া হয়নি। এভাবে উপজেলার ১৮ জন খামারিকে ঠকিয়ে নিজের পকেট ভারী করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত