গাবতলীতে টিকিটে ৫০০ টাকা বেশি নেয়ার অভিযোগ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৮:৪৬ পিএম

ঈদযাত্রার টিকিটে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন গন্তব্যে টিকিট প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

যাত্রীদের অভিযোগ, ভাড়া আদায় হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি।

বৃহস্পতিবার বিকেলে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীরা সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ তোলেন।

নাটোরের বনপাড়ার এক যাত্রী জানান, স্বাভাবিক সময়ে বনপাড়ার টিকিটের দাম ৫০০ টাকা, সেখানে আজ রাখা হচ্ছে ৯০০ টাকা।

রংপুরের দুই যাত্রীও একই অভিযোগ তোলেন। তারা জানান, অন্য সময়ে রংপুরের টিকিটের ভাড়া ৭০০ টাকা, কিন্তু ঈদ উপলক্ষে রাখা হচ্ছে এক হাজার ১০০ টাকা।

অভিযোগ স্বীকারও করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, অন্য সময়ের চেয়ে একটু বেশি নেয়া হচ্ছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী বাস টার্মিনালের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ফারুক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বাসগুলো ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেলেও, আসতে হচ্ছে খালি। এ কারণে আমাদের পথের খরচ পোষাতে কিছুটা বেশি ভাড়া নিতে হচ্ছে।

এ অবস্থায় ভাড়া ও সময় বাঁচাতে যাত্রীদের অনেকে ভেঙে ভেঙে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

এ দিকে গাবতলীতে থেকে আজ রাতে প্রায় ১ হাজার ৩০০ বাস ছাড়া হবে বলে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ফারুক হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, স্বাভাবিক সময়ে গাবতলী থেকে প্রতিদিন ৭০০-৮০০ বাস ঢাকা ছেড়ে যায়। তবে ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকায় বাসের সংখ্যা বাড়াতে হয়। গতকাল আমরা ৯০০ বাস ছেড়েছি। আজ রাতে ১৩০০ বাস ছাড়া হতে পারে। কাল থেকে বাস ছাড়া হবে দেড় হাজারের কাছাকাছি।

তবে পরিবহনগুলোর নিজস্ব বাসের সংখ্যা সীমিত থাকায় এ ক্ষেত্রে তারা ঢাকা মহানগরের বিভিন্ন রুটের বাস ভাড়া করে বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত