নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাকে নিজ অফিসকক্ষে কতিপয় সাবেক ছাত্রলীগ নেতা কর্তৃক অশালীন আচরণ ও হুমকি-ধমকি দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা নিয়ে শহরে উত্তেজনা তৈরি হয়েছে। ছাত্রলীগের একটি গ্রুপ মামলার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অন্যদিকে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পৌর ভবনে সংবাদ সম্মেলন করেছেন মেয়র আঞ্জুমান আরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনজুমান আরা বলেন, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কয়েকজন সন্ত্রাসী মঙ্গলবার দুপুরে আমার সঙ্গে অশালীন আচরণ ও হুমকি-ধমকি প্রদর্শনের পর থানায় মামলা করি। এরপর স্মারকলিপি প্রদান করা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টো সন্ত্রাসীরা মানববন্ধন করেছে। এই সন্ত্রাসী চাঁদাবাজদের যদি দমন করা না যায়, তাহলে নড়াইল পৌরসভার সাধারণ মানুষ বিভিন্নভাবে নিগৃহীত হবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল প্রেস ক্লাবের সামনে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ব্যানারে মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বিশ^াস, জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক আলামিন মোল্লা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রলীগ নেতা সুজন মোল্লা ও যুবলীগ কর্মী এসএম ফয়সাল সাদি।
নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শহরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
