রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে চীন : লি জি মিং

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০১:৪২ এএম

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরানোর লক্ষ্যে চীন সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চীন সরকারের পক্ষ থেকে মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমে চীন সব সময় বাংলাদেশ ও মিয়ানমারকে সহযোগিতা করে আসছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকেও চীন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে।

রাষ্ট্রদূত আরও জানান, চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসাসেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ  রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত