মাহিন্দাকে সরাতে রাজি গোতাবায়া!

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১০:৫৫ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক আইনপ্রণেতা। গতকাল শুক্রবার তিনি জানান, লঙ্কান আর্থিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট।

জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইথ্রিপালা সিরিসেনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর জানান, গোতাবায়া রাজাপাকসে সম্মত হয়েছেন যে পার্লামেন্টের সব দলকে নিয়ে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গঠনে একটি জাতীয় কাউন্সিল নিয়োগ দেওয়া হবে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

গোতাবায়া রাজাপাকসের আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাইথ্রিপালা সিরিসেনা। সরকারদলীয় এই আইনপ্রণেতা এই মাসের শুরুতে আরও ৪০ জন আইনপ্রণেতাকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যান। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র রোহান ওয়েলিউইটা বলেছেন, প্রেসিডেন্ট এখন পর্যন্ত প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো যোগাযোগ করেননি। আর এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এর আগে দেশের বিক্ষোভমুখর পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পরিবারের তিন মন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। কিন্তু তাতেও বিক্ষোভকারীরা রাজপথ থেকে সরে যায়নি। উল্টো মাহিন্দা রাজাপাকসের সরকারি বাসভবনের বাইরে দেশটির কয়েক হাজার শিক্ষার্থী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান নিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।

শ্রীলঙ্কা প্রায় দেউলিয়া হওয়ার পথে। সম্প্রতি দেশটি ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধার আলোচনার আগে তারা আর কোনো বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না। এই বছর দেশটিকে ৭০০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে আর ২০২৬ সাল নাগাদ করতে হবে ২৫০০ কোটি ডলার। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ১০০ কোটি ডলারের নিচে। বৈদেশিক মুদ্রা সংকটের কারণে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে আমদানি। ফলে নিত্যপ্রয়োজনীয় খাবার, জ্বালানি, রান্নার গ্যাস এবং ওষুধ কিনতে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত