বেগমগঞ্জে অগ্নিকান্ড শতাধিক দোকান ছাই

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:০০ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোড এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, আগুনে দোকান পুড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে  আসার সময় হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশন নামের দোকান মালিক রিংকু (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অগ্নিকা-ের ঘটনায় আহত ও দগ্ধ ১২ জনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ রেলগেটের স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেট, ইসলাম মার্কেট ও আশপাশের জুতার দোকান, ফার্মেসি, কাপড়, হার্ডওয়্যারসহ বিভিন্ন ধরনের শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পানির সংকট থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।  

খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী, লক্ষ্মীপুর, ফেনীর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডের পরপরই ঘটনাস্থলে যান স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরণ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত