নৌ-বন্দর, লঞ্চঘাট ও স্টিমারঘাট ইজারার নামে টোল আদায় ও যাত্রী হয়রানি বন্ধ করাসহ বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের ১২ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নৌযাত্রী ঐক্য পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার হারুন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিরাজ, সেলিম আহমেদ, শান্ত রঞ্জন চৌধুরী, হাছিব আহমেদ, সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদ উপলক্ষে বরিশালগামী নৌ পথে ২৮টি লঞ্চ সার্ভিস চালু রয়েছে। কিন্তু যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। বরিশাল লঞ্চ টার্মিনালের ধারণ ক্ষমতার বেশি লঞ্চ ভিড়ছে প্রতিদিন। প্রতিটি লঞ্চ তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চে পর্যাপ্ত উপকরণ নেই। আমরা বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিতে এসব সমাধানের কথা উল্লেখ করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো সাড়া পাইনি।
বক্তারা আরো বলেন, ঈদ উপলক্ষে বেসরকারি খাতের লঞ্চ নিয়ে দৌড় ঝাঁপ দেখা যাচ্ছে। কিন্তু ঢাকা-বরিশাল-খুলনা রুটে স্টিমার সার্ভিসে কোনো সংস্কার আনা হয়নি। স্টিমার সার্ভিস সকলের জন্য নিরাপদ ও আরামদায়ক ছিল। স্টিমার সার্ভিস আধুনিকায়ন করে সপ্তাহে সাত দিন চলাচলের ব্যবস্থা থাকলে লঞ্চের ওপর কিছুটা চাপ কমতো।
এ সময় বক্তারা নৌ পরিবহনে যাত্রী বিমা চালু করা সহ অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
