নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

আপডেট : ০১ মে ২০২২, ০৩:৫১ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিন (৬২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার সকালে এ ঘটনায় নিহতের মেয়ে বিবি কুলসুম লাভলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত মহিন উদ্দিন সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে।

অভিযোগে জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে শ্বশুর মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল মেয়ের জামাই নুর নবী সুমনের। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে মহিনের সঙ্গে মেয়ে শাহেনা, জামাই সুমন ও নাতিদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে মহিন উদ্দিনকে পিটিয়ে জখম করেন তারা। পরে বাড়ির লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের আরেক মেয়ে কুলসুম অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তার বোন শাহানা আক্তার (৩৮), জামাতা নুর নবী সুমন (৪০), নাতি ইউসুফ নবী অন্তর (২০) ও মো. শামীম (১৮) পিটিয়ে হত্যা করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত