মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড়ে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজৈর উপজেলার নড়ার কান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫), সদর উপজেলার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৩) ও রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতব্বরের ছেলে নুর নবী (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় এলে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টো পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত পাঁচজন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত আছে কয়েকজন।
